সবুজ মোড়কের আড়ালে নতুন ক্ষুধা
খাদ্য দিয়ে জ্বালানি ও ব্যাগ তৈরির বিপজ্জনক ভবিষ্যৎ এক পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমায়, শিশুরা অপুষ্টিতে ভোগে, কৃষক আত্মহত্যা করে, আর খাদ্যের দাম বাড়লে দরিদ্র মানুষের থালায় ভাত কমে যায়, সেই পৃথিবীতেই খাদ্যশস্য দিয়ে গাড়ির জ্বালানি, প্লাস্টিকের বিকল্প ব্যাগ কিংবা তথাকথিত “সবুজ পণ্য” তৈরির প্রতিযোগিতা বাড়ছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই পরিবেশবান্ধব, নাকি এক নতুন বৈশ্বিক সংকটের সূচনা? বর্তমানে ভুট্টা, আখ, সয়াবিন, আলু, ক্যাসাভা, পাম অয়েলসহ বহু খাদ্যশস্য ব্যবহার হচ্ছে বায়োফুয়েল, বায়োপ্লাস্টিক এবং বায়োডিগ্রেডেবল পণ্য তৈরিতে। বহুজাতিক কোম্পানি ও উন্নত দেশগুলো এটিকে জলবায়ু পরিবর্তনের সমাধান হিসেবে উপস্থাপন করছে। কিন্তু বিশ্বজুড়ে পরিবেশবিদ, কৃষি গবেষক ও খাদ্য অধিকারকর্মীরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন। এটি “Food vs Fuel” বা “Food vs Materials” নামে এক গভীর নৈতিক ও পরিবেশগত দ্বন্দ্ব তৈরি করছে। ২০০৭-০৮ সালের বৈশ্বিক খাদ্যমূল্য সংকটের সময় এই বিতর্ক ভয়াবহভাবে সামনে আসে। গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ভুট্টা ইথানল উৎপাদনে ব্যবহারের ফলে বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়ে যায় এবং ...